আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার লিংওয়ালার আঞ্চলিক মেয়র নরবার্ট মুশিঙ্গা জানিয়েছেন এ তথ্য।-
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
মেয়র জানান, শুক্রবার গভীর রাতে রাজধানীর উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে লাগা এই আগুন শনিবার সকাল পর্যন্ত জ্বলছিল। এ সময় আগুন থেকে বাঁচতে অতিথিরা বের হওয়ার চেষ্টা করলে ভবনটির সরু করিডরে ভিড় জমে যায়।
মেয়র আরও জানান, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২২ জন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন শাবানি। শনিবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে একে ‘মর্মান্তিক’ বলে মন্তব্য করেন।
কিনশাসার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রায়ই প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটে। এসব এলাকায় প্রায়ই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণ করা হয় ভবন।