বিনোদন ডেস্ক : পরিচালক সুধীর মিশ্রর নতুন চলচ্চিত্রে প্রথমবারের মতো মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবিটির ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে স্বাধীনতা সংগ্রামী গান্ধীর চরিত্রে বাজপেয়ীর অভাবনীয় রূপান্তর তুলে ধরা হয়।
তার এ রূপান্তর ইতিমধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করেছে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অজানা ২১ দিনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই ঐতিহাসিক সিনেমা। ছবির শিরোনাম ও মুক্তির দিনক্ষণ এখনও গোপন রেখেছেন নির্মাতারা। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ খ্যাত নির্মাতা সুধীর মিশ্রর পরিচালনায় সিনেমাটিতে আরো অভিনয় করছেন সৌরভ শুক্লা।
‘বেনারস মিডিয়াওয়ার্কস’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন অনুভব সিনহা ও নরেন্দ্র হীরাওয়াত এবং পরিবেশনায় রয়েছে এনএইচ স্টুডিওজ।
গান্ধী রূপের এই ফার্স্ট লুকের পাশাপাশি মনোজ বাজপেয়ী অভিনীত লাস্ট ম্যান ইন টাওয়ার ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে। অরবিন্দ আদিগার উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে তার সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করছেন বোমান ইরানি। বেন রেখির পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন দিব্যা দত্ত।