সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান-রুন্মীলার যুক্তরাষ্ট্রের সম্পদের রেকর্ড পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুন্মীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের যুক্তরাষ্ট্রে থাকা অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়েও দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছিল বাংলাদেশ। পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে এফবিআই তদন্তসংক্রান্ত প্রতিবেদন ও সম্পত্তির রেকর্ড পাঠিয়েছে।

দুদকের মানিলন্ডারিং-২ শাখার একটি চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের চিঠিতে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুন্মীলা জামানের বিষয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো Mutual Legal Assistance Request (MLAR) দেশটির Central Authority, Office of International Affairs (OIA) ২০২৫ সালের ১৯ মে গ্রহণ করে। ওই আবেদনে তাদের ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড এবং যুক্তরাষ্ট্রে থাকা অপরাধলব্ধ সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়।

বাংলাদেশের পাঠানো ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে এফবিআইয়ের পক্ষ থেকে তদন্তসংক্রান্ত ওই প্রতিবেদনে বর্ণিত সম্পত্তির রেকর্ড পাঠানো হয়েছে। এসব নথি একটি সিডিতে সংযুক্ত করে দুদকের কাছে পাঠানো হয়।

তবে MLAR-এ চাওয়া সব তথ্য এখনো পাওয়া যায়নি। চিঠিতে বলা হয়েছে, অনুরোধ করা অন্যান্য রেকর্ড ও তথ্যের বিষয়ে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর দেওয়া হবে।

এছাড়া যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্তসংক্রান্ত অংশের বিষয়েও দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে Trial Attorney Maria Lerner এবং International Affairs Specialist Hira Shahbaz দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। ওই অংশের বিষয়ে পৃথক চিঠির মাধ্যমে জবাব দেওয়া হবে বলে দুদককে জানানো হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৩ শাখার ১৮ আগস্ট চিঠির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া রেকর্ডপত্র পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসায়িক স্বার্থের তথ্য সংগ্রহে MLAR গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া এফবিআইয়ের তদন্ত প্রতিবেদন ও সম্পত্তির রেকর্ড এখন দুদকের চলমান অনুসন্ধান বা তদন্তে যাচাই-বাছাই করা হবে। নথিতে থাকা তথ্যের ভিত্তিতে সম্পদের উৎস, মালিকানা এবং অর্থের গতিপথ সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।