মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ব্যালন ডি’অর জয়ের আশা কেইনের

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন হ্যারি কেইন। তার প্রমাণ গোলে।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৩ গোল করেছেন তিনি। এমন পারফরম্যান্স অবশ্য ধারাবাহিকভাবেই করে আসছেন তিনি। তবে নামের পাশে দলীয় শিরোপা না থাকায় ব্যালন ডি’অর জয়ের তালিকায় পেছনে পড়ে থাকতে হয়।

এবার অবশ্য উল্টোটাই ঘটার সম্ভাবনা বেশি।
বায়ার্ন মিউনিখের হয়ে দুটি শিরোপা জয়ের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্স তাই ইঙ্গিত করছে। কেইনরও বিশ্বাস এবার ব্যালন ডি’অর জিতবেন তিনি। টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক।

কেইন বলেছেন, ‘গত মৌসুম যেভাবে কাটিয়েছি, তাতে আমি অত্যন্ত গর্বিত।
খুব বেশিদিন আগের কথা নয়, আমিও একজন ভক্ত হিসেবে স্বপ্ন দেখতাম পেশাদার ফুটবলার হওয়ার। এখন এখানে এসে শিরোপা জিতেছি, আর ব্যালন ডি’অরের আলোচনাতেও আছি—এটা দারুণ অনুভূতি।’

তবে সিদ্ধান্ত ভোটারদের হাতেই ছেড়ে দিচ্ছেন কেইন। বায়ার্নের স্ট্রাইকার বলেছেন, ‘অবশ্যই এটা এখন আমার হাতে নেই; এটা ভোটারদের হাতে এবং সেসব মানুষদের হাতে যারা এটা নির্ধারণ করেন। যে মৌসুম আমি কাটিয়েছি, আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা এবং কী হয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিততে পারলে ইংল্যান্ডের পঞ্চম খেলোয়াড় হবেন কেইন। তার আগে জিতেছেন—স্যার স্ট্যানলি ম্যাথিউস, স্যার ববি চার্লটন, কেভিন কিগান ও মাইকেল ওয়েন। সর্বশেষ ২০০১ সালে এই পুরস্কার জিতেছেন ওয়েন। লিভারপুলের কিংবদন্তিও মনে করেন এবার এই পুরস্কার জিতবেন কেইন।

ব্যালন ডি’অরে এক রকম রাজত্বই করেছেন সর্বকালের অন্যতম দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একটা সময় মেসি না জিতলে রোনালদো জিতবেন এটা নিশ্চিতই ছিল। রোনালদোর ৫ বারের বিপরীতে সর্বোচ্চ ৮ বার জিতেছেন মেসি। মর্যাদাপূর্ণ পুরস্কারটি জয়ের সময় এমনই অবিশ্বাস্য পারফরম্যান্স ছিল দুজনের।

মেসি-রোনালদোর মতো দুর্দান্ত মৌসুম কাটাতে পেরে দারুণ খুশি কেইন। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘মেসি ও রোনালদোর খেলা দেখে ক্যারিয়ারে বেড়ে উঠেছি, নিজেদের যুগে তারা কেবল আধিপত্যই করেছে। অবশ্যই কেবল মেসিই ৮২ গোল করেছেন…এবং মৌসুমে রোনালদোর সর্বোচ্চ আমার মনে হয় ৬৯ গোল। এসব সংখ্যা একসময় আমার কাছে অবিশ্বাস্য লাগত। তারা দুজন আমাদের প্রজন্মের সেরা খেলোয়াড় এবং তর্কযোগ্যভাবে সব সময়েরও। নিজের ৭৩ গোলেও আমি এখন বিস্মিত।’