রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরল ৪ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের সন্তান মিমতা (১৮) ও মোর্শেদ (২৫), মিমতা ও মোর্শেদের ফুফা ফিরোজ (৬০) এবং গাড়িচালক মুন্না (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন মিন্তের ফুফাত ভাই রমজান আলি।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত হন আরও ছয়জন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।