খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সাজেকের মাসালং-এ বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ’র(প্রসীত গ্রুপের) বাধার অভিযোগ উঠেছে।
জানা গেছে, আগামী ১৭ সেপ্টেম্বর মাসালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর সহায়তায় আয়োজিত এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।
কিন্তু এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিভ্রান্তি, ভুল তথ্য বা নিরুৎসাহিত করার প্রচেষ্টা থাকলে তা সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। চিকিৎসা কোনো রাজনৈতিক বা সাংগঠনিক বিষয় নয়—এটি মানুষের মৌলিক প্রয়োজন।
স্থানীয়রা ইউপিডিএফ এর কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রত্যেক নাগরিককে নিজের প্রয়োজন ও বিবেচনা অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ দেওয়া উচিত। মানবিক কার্যক্রমে বাধা নয়, বরং সকলের সহযোগিতা ও অংশগ্রহণই প্রত্যন্ত জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতে পারে।