ফেনী প্রতিনিধি: ফেনীতে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও অতিথির অংশগ্রহণে মাল্টিসফট আইটি ইনস্টিটিউটের আয়োজনে ‘MITan 2K26 The Golden Hour’ এবং ‘Farewell Reception & Certificate Ceremony’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ফেনীর সেফরন রেস্টুরেন্টে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গত ছয় মাসে মাল্টিসফট আইটির বিভিন্ন আইটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স সফলভাবে সম্পন্নকারী শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিটি ব্যাচের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
এ ছাড়া কোর্স চলাকালীন বিভিন্ন পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। ইউসিসি ফেনী শাখার পক্ষ থেকে তিনজন শিক্ষার্থীকে এইচএসসি প্রথম বর্ষের এক সেট করে মোট তিন সেট বই, দুজনকে কলেজে ভর্তির ফি এবং দুজনকে এক বছরের কলেজ বেতন প্রদান করা হয়। পাশাপাশি পাঁচজন শিক্ষার্থীকে ইউসিসি ফেনী শাখায় এক বছর কোচিং করার জন্য ৮০ শতাংশ স্কলারশিপ দেওয়া হয়।
মাল্টিসফট আইটি এডুকেশন ফ্যামিলির প্রতিষ্ঠাতা কাজী আবিদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের শুধু স্কিল ডেভেলপমেন্ট করেই আমাদের দায়িত্ব শেষ হয় না। তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাও আমাদের দায়িত্বের অংশ।”
সাংবাদিক মো. সমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন; ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (ম্যানেজমেন্ট) ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি জি.এম. তাজউদ্দিন, ইউসিসি ফেনী শাখার পরিচালক লোকমান হোসেন (সুমন), ফেনী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জহির উদ্দিন মজুমদার, গ্রীনল্যান্ড কলেজের পরিচালক খোকন, এনটিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহাম্মদ নিলয়, আরটিভি ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি এমএম আকাশ এবং মেঘনা ব্যাংক ফেনী শাখার ব্রাঞ্চ ম্যানেজার জামাল উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মাল্টিসফট আইটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে পুরো অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে পরিণত হয়।
কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা মাল্টিসফট আইটির প্রতি তাদের আবেগ ও ভালোবাসার কথা তুলে ধরেন। একই সঙ্গে অতিথিরা প্রতিষ্ঠানটির প্রশিক্ষণের মান এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।