বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: সেই রঞ্জনের জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের লাল টেলিফোনের তার চুরির মামলায় সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রের জামিন বাতিল করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদেকীন হাবিব বাপ্পী এই আদেশ দেন।

এর আগে একই আদালত গত ১৭ সেপ্টেম্বর ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদালতের বেঞ্চ সহকারী ঈসমাইল হোসেন জানান, জামিন শুনানিকালে রঞ্জন চন্দ্রের আইনজীবী আদালতকে জানিয়েছিলেন সচিবালয় থেকে চুরির ঘটনা।
কিন্তু প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির বিষয়টি আদালতে উপস্থাপন করেননি। পরে বিষয়টি নজরে এলে প্রসিকিউশনের পক্ষ থেকে জামিন বাতিলের আবেদন করা হয়।
সেই আবেদন মঞ্জুর করে আদালত তার জামিন না মঞ্জুর করেন।

তবে আসামিপক্ষের আইনজীবী পরিমল চন্দ্র বর্মন জানান, মামলার অন্য দুই আসামি জামিনে আছেন।
শুনানিকালে মূলনথি আদালতের সামনে ছিল। জামিন মঞ্জুর হলেও তার আসামি এখনও কারামুক্ত হতে পারেননি। তার আগেই জামিন বাতিলের আদেশ হয়।

চলতি বছর কোরবানির ঈদের সাত দিন ছুটির পর ১ জুন অফিস খোলার পর সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা দেখতে পান, প্রধানমন্ত্রী তারেক রহমানের লাল টেলিফোনের সংযোগ নেই। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। পরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তারা এসে কয়েক ঘণ্টা পর সংযোগ পুনরুদ্ধার করেন।

এ ঘটনায় বিটিসিএলের কর্মকর্তা মোহাম্মদ নাজিদ হায়দার বাদী হয়ে ১ জুন শাহবাগ থানায় জিডি করেন।

পরে কয়েকজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। এতে রঞ্জন চন্দ্র ও যে ভাঙ্গারি ব্যবসায়ী তার কিনেছেন, সেই রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে তোলা হলে ৫ জুন পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।