স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপ ২০২৬-২৭-এ রহমতগঞ্জ এমএফএস ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের মধ্যকার আজকের (২২ সেপ্টেম্বর) ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচটি আগামীকাল ২৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার মানিকগঞ্জ ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, বুধবার বিকেল ৩টায় একই ভেন্যুতে মুখোমুখি হবে দুই দল।
এর আগে গত ২০ সেপ্টেম্বর আরও দুটি ম্যাচের সূচি পরিবর্তনের কথা জানিয়েছিল বাফুফে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে ফিকচার পুনর্বিবেচনা করে লিগ ও ফেডারেশন কাপের সূচিতে পরিবর্তন আনা হয়।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭’-এর ৭ নম্বর ম্যাচে আগামী ২ অক্টোবর চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।
এ ছাড়া ‘ফেডারেশন কাপ ২০২৬-২৭’-এর ৬ নম্বর ম্যাচেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর দুপুর ৩টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে খেলবে মোহামেডান।
পরিবর্তিত সূচি অনুযায়ী নির্ধারিত তারিখ ও ভেন্যুতে ম্যাচে অংশ নিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অনুরোধ জানিয়েছিল বাফুফে। এবার রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি এক দিন পিছিয়ে যাওয়ায় ফেডারেশন কাপের সূচিতে আরও একটি পরিবর্তন যুক্ত হলো।