খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ অঙ্গ-সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছে।
সোমবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-লিটন চৌধুরী (৫১), মোঃ মাহফুজ জুয়েল (৩১), সুজন বিশ্বাস (৪৩), মোঃ সাকিল (২৪) ও মোঃ রুবেল (৩২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ভোররাতে আদালত চত্বর এলাকায় বিষ্ফোরক পদার্থ জাতীয় দ্রব্য ব্যবহারের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে সরকারী জনগুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতিসাধন ও নাশকতার চেষ্টা করে জনমনে আতঙ্ক সৃষ্টি, গত ২০ সেপ্টেম্বর ভোররাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মিছিল নিয়ে রাষ্ট্রবিরোধী শ্লোগান দিয়ে সড়কের পার্শ্বে থাকা সরকারী গাছ কেটে সড়কের উভয় পার্শ্বে ফেলে রেখে সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে অবরোধ কর্মসূচি পালনের চেষ্টার অভিযোগ আনা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কায় কিসলু জানান , গ্রেফতারকৃরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে।