খুলনা প্রতিনিধি : খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাবের এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশালের যৌথ আভিযানিক দল। মঙ্গলবার ভোররাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হরিণটানা থানায় দায়ের করা চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করা হয়। আজমুলের মৃত্যুর পর তিনি আত্মগোপনে চলে যান বলে সূত্রটি জানায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে পিরোজপুরের স্বরূপকাঠি এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানসংশ্লিষ্টদের ভাষ্য, গ্রেপ্তার রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তবে তাঁর পরিচয় ও পরিবারের সদস্যদের নামের বিষয়ে প্রাথমিক তথ্যের সঙ্গে ভিন্নতা পাওয়া গেছে।
অভিযানসংশ্লিষ্টদের দাবি, গ্রেপ্তারের পর রিফাত আজমুল হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে এসআরবি-৬ এর অভিযান অব্যাহত রয়েছে।
পরে রিফাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেনকে মারধরের পর ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে হরিণটানা থানায় হত্যা মামলা করা হয়। মামলায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তদন্তে রিফাতের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।