বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দুরপাল্লার বাসে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক : জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া পুণঃনির্ধারণের ক্ষেত্রে পতিত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করে বাস ও লঞ্চ মালিকদের একচেটিয়া সুবিধা দেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বাসের ভাড়া দুরপাল্লায় প্রতি কিলোমিটার ৮ পয়সা, সিটি সার্ভিসের ১০ পয়সা প্রতি কিলোমিটার এবং লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইল ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে সংগঠনটি।
মঙ্গলবার এক জরুরী প্রেসবার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এ প্রস্তাব দেন।
যাত্রী কল্যাণ সমিতি বলেছে, ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত পক্ষ যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে দফায় দফায় রূদ্ধধার বৈঠক করছে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো। জনস্বার্থের ভাড়া পুণঃনির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতার পরিবর্তে লুকোচুরি করা হচ্ছে।
প্রেসবার্তায় বলা হয়, জ্বালানীর মূল্য বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু বিগত স্বৈরাচারের সময়কাল থেকে সরকারের সংশ্লিষ্টরা জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির একচেটিয়া সুবিধা বাস ও লঞ্চ মালিকদের পকেটে তুলে দিতে মরিয়া হয়ে উঠে। তারা জনস্বার্থের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে দফায় দফায় রূদ্ধধার বৈঠক করে। গণমাধ্যমের কাছে লুকোচুরি করে।
এতে আরও বলা হয়েছে, ভাড়া নির্ধারণ কেবলমাত্র মালিক সমিতি ও সরকার মিলে করলেও গণমাধ্যমে সকল অংশীজনের সম্মিলিত সিদ্ধান্তের কথা প্রচার মধ্যদিয়ে জায়েজ করে থাকে। অথচ দেশের বৃহত্তর অংশীজন যাত্রীসাধারণের প্রতিনিধিকে ভাড়া নির্ধারণের কোন বিষয়ে মতামত নেওয়া হয় না। কত টাকা তাদের পরিচালন ব্যয় বাড়লো, কত পয়সা ভাড়া ভাড়ালে তার সমন্বয় করা সম্ভব তার কোন স্বচ্ছতা জাতির সামনে প্রকাশ করা হয় না। এভাবে বিগত স্বৈরাচারের সময়কাল থেকে পরিবহণ মাফিয়াদের তোষামোদি করে আসছে সরকার। এতে দেশের সাধারণ মানুষ বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অভিযোগ সংগঠনটির।