মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে আগুনে দগ্ধ স্মৃতির মৃত্যু

সালমা আক্তার স্মৃতি (১৭)

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সালমা আক্তার স্মৃতি (১৭)। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের বড় মেয়ে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।

১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্টা এলাকায় দুর্বৃত্তরা বাহির থেকে দরজায় তালা লাগিয়ে পেট্টোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনে তার ছোট মেয়ে আয়েশা বেগম ঘটনাস্থলেই মারা যায়। বেলাল নিজেও দগ্ধ হন। বড় মেয়ে স্মৃতি ও মেঝো মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তার বিথি (১৪) গুরুতর দগ্ধ হয়।

বেলালকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, স্মৃতির শরীরের ৯০ শতাংশ এবং বিথির শরীরের ২ শতাংশ দগ্ধ হয়। বিথি চিকিৎসা শেষে দ্রুত ছাড়পত্র পেলেও স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। অবশেষে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালাসহ বেশ কিছু আলামত জব্দ করেছে। এর মধ্যে দুটি তালা লক অবস্থায় এবং একটি খোলা অবস্থায় পাওয়া যায়। তবে পেট্টোল ঢেলে আগুন লাগানোর কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে। নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি তদন্তাধীন।”

এদিকে ঘটনার এক সপ্তাহ পার হলেও দোষীরা সনাক্ত কিংবা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় বিএনপিসহ বিভিন্ন মহল। তারা দ্রুত জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।