মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে সাড়ে তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনের বিনিময়ে স্বাধীনতা বিরোধী শক্তির কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকালে এনসিপির সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, হাজারো ছাত্র-জনতার রক্ত ও জুলাই চেতনাকে বিক্রি করে গঠিত এনসিপি আজ স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে।

এর আগে জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সচিব মো. আব্দুর রহমান ছায়াদ, নিরুপন চাকমা ও বেলাল হোসেনের নেতৃত্বে সাড়ে তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীরা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই তারা দেশের বৈষম্য দূরীকরণে লড়াই সংগ্রাম করে আসছেন। হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তারা ভেবেছিলেন এনসিপি দেশের সাধারণ মানুষের কথা বলবে এবং ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবে। কিন্তু শেষ পর্যায়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এসে তারা দেখেছেন, এনসিপি ৭১ সালের স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্ট ও অনিমেষ চাকমা রিংকুসহ জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।