মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর রুল নিষ্পত্তির নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি : ঋণখেলাপির তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে ঋণ খেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের পূর্ববর্তী আদেশও বহাল রাখা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।

প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। এ কারণে তিনি আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।

মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন জানান, আমরা স্টে ভ্যাকেটের জন্য চেম্বার আদালতে আবেদন করেছিলাম। আদালত আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠাননি। আমরা বলেছি ঋণ পরিশোধ করা হয়েছে। ব্যাংকের আইনজীবীও উপস্থিত ছিলেন। কোর্ট বলেছে, আমি এটাকে আপিল বেঞ্চে দিচ্ছি না, আপনারা হাইকোর্টে যান।

তিনি আরও বলেন, আমাদের নমিনেশন চ্যালেঞ্জ করা হয়নি। নির্বাচন করতে আজ পর্যন্ত কোনো বাধা নেই। তবে এনসিপি নেতা হাসনাত আপিল করেছেন, আমরাও আপিল করেছি। সেখানে কী হবে সেটা পরবর্তী বিষয়।

এর আগে, গত ৮ জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এই আদেশ প্রত্যাহারের আবেদন করেন মুন্সী।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার এবং অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

এর আগে হাইকোর্টের বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ ঋণ খেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেছিলেন। পরে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে।