বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ শাবান, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই আসনে ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

রোববার রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোডস্থ বশির ভিলার হলরুমে এক জরুরী সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন তিনি। সোহেল বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
এ সময় বিএনপি নেতা নিজান ও সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী পটু, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল করিম বাচ্চু প্রমুখ।