নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। বুধবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময় পরেও অফিস তালাবদ্ধ দেখতে পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এ ঘটনায় তিনজনকে বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতি। তাঁদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতিকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানান, বুধবার রাতেই তিনজনকে বদলি করা হয়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল সকাল ৯টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে পৌঁছান। এ সময় অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না। অফিস তালাবদ্ধ থাকায় তিনি প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেন। পরে একজন এসে তালা খুলে দিলে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন।
ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা ও জনগণের সেবায় বিঘ্ন ঘটালে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে।