বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২ রমজান, ১৪৪৭ হিজরি

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

‎নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার। নিয়ম অনুযায়ী এ দিন সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘ফ্যাসিস্টদের দোসর’ আখ্যা দিয়ে তাঁকে ভাষণ দানে বিরত রাখার দাবি জানিয়েছে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তবে সরকারি দল বিএনপি মনে করে, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ ভাষণ দেবেন। আজ বুধবার দুপুরে সংসদ ভবন থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন।’

আজ সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়।

এদিকে আজ দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদেরও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে বেরিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দোসর। সংসদে তাঁর বক্তব্য দেওয়ার অধিকার নেই।’