মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই দেশজুড়ে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে সোমবার শেষ হয়েছে সরকারি ও আধা সরকারি অফিস-আদালতের কার্যদিবস।

আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। এরই মধ্যে পরিবারের সাখে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। তবে চাহিদা অনুযায়ী যাত্রী পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। যাত্রী সংকটে ভুগছে বাস টার্মিনাল। ফলে হাঁক-ডাক ছেড়ে যাত্রী খুঁজতেই ব্যস্ত সময় পার করছেন দূরপাল্লার পরিবহন সংশ্লিষ্টরা।

পরিবহন শ্রমিকদের ভাষ্য, বেশিরভাগ যাত্রী ট্রেন ও পদ্মা সেতু ব্যবহার করছেন। ফলে ঢাকা থেকে বের হওয়ার একাধিক রুট ও মাধ্যম ব্যবহারের কারণে গাবতলী বাস টার্মিনালে দেখা দিয়েছে যাত্রী সংকট।

এদিন রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার গাবতলী বাস টার্মিনালে নেই যাত্রীদের উপচেপড়া ভিড়। অনেকটাই ফাঁকা বাস কাউন্টারগুলো। কোন কোন কাউন্টারের সামনে গাড়ির অপেক্ষায় কাউন্টারে বসে অবসর সময় কাটাচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। কেউ কেউ আবার কাউন্টারগুলোতে গন্তব্যের টিকিট খুঁজতে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে, কাউন্টারে দ্বায়িত্বরত পরিবহন শ্রমিকরা হাঁক-ডাক ছেড়ে যাত্রী খুঁজছেন। এছাড়াও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের গাবতলী বাস টার্মিনালকেন্দ্রিক সড়কে যানজট মুক্তে কাজ করতে দেখা গেছে। একই সঙ্গে টার্মিনালে র‍্যাব ও পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি করতে দেখা গেছে।

জে আর পরিবহনের কাউন্টার মাস্টার মাঝহারুল ইসলাম বলেন, ব্যাবসা নেই, যাত্রী কম। গত দু‘দিন আগেও গাড়ি ছেড়ে কোনরকম খরচের টাকা উঠেছে। তুলনামূলক যাত্রী সংকট।

যাত্রী সংকটের কারণ জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন সাইড দিয়ে মানুষ যাতায়াত করছে। ট্রেনে যাচ্ছে বেশি মানুষ। তাছাড়া পদ্মা সেতু হওয়ার পর এই রুটে যাত্রী কম।

নদীয়া ডিলাক্স পরিবহনের কাউন্টার মাস্টার মো. সবুজ বলেন, যাত্রীর খুব খারাপ অবস্থা। গাড়ি ছাড়তে পারছি না। বেশিরভাগ গাড়িতেই সিট ফাঁকা। ব্যবসা নেই এবার। বেশিরভাগ মানুষ পদ্মা সেতু দিয়ে যাতায়াত করে। কি করবে ঢাকার মধ্যে পার হয়ে গাবতলী কাউন্টারে আসতেই ২/৩ ঘণ্টা সময় লেগে যায়। তার থেকে মানুষ এখন যাত্রাবাড়ী থেকে পদ্মা সেতু দিয়ে যাতায়াত করে।

তিনি বলেন, যাত্রী না থাকায় গাবতলী থেকে মাত্র একটা গাড়ি ছেড়ে গেছে। মাত্র ২৫টা আসন বিক্রি করতে পেরেছি।

মাগুরার যাত্রী লিমন বলেন, কাউন্টারে এসেই টিকিট পেয়েছি। টিকিট পেতে কোনো ঝামেলা হয়নি।

দিনাজপুরের যাত্রী আসাদুল বলেন, কাউন্টারে এসেছি একটু আগে। এখন টিকিট কাটিনি। কয়েকটা কাউন্টারে খোঁজ নিলাম বললো টিকিট আছে। আমার সঙ্গে আরেকজন আছে। সে আসছে, আসলে টিকিট কাটবো।

তিনি বলেন, আগে ঈদের সময় দুই-তিনদিন আগে কাউন্টারে এসেও টিকিট পেতাম না। আর এখন কাউন্টারে আসলেই টিকিট পাওয়া যায়। আগের মতো টিকিট পেতে সেই ভোগান্তিটা নেই।

এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে। চলতি বছর রমজান ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজানের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ২১ মার্চ।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে-পরে দুদিন করে মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সে হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচদিন ঈদের ছুটি আগে থেকেই মোটামুটি নিশ্চিত ছিল।

তবে ঈদের আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে। এরপর ঈদের নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগে মাঝখানে একদিন (১৮ মার্চ) অফিস খোলা। ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির মাধ্যমে টানা সাত দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। এখন ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ১৭ মার্চ, সরকারি চাকরিজীবীরা ছুটি কাটাবেন ২৩ মার্চ পর্যন্ত।