রবিবার, ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি

সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে সরকারি দল : নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংসদ অধিবেশনে গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু সরকারি দল গণরায় মানছে না। তারা সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে সংবিধানের পক্ষে আছে, বিপক্ষে গেলে সংবিধানের পক্ষে নেই।

আমরা এই দ্বিচারিতা বিগত আওয়ামী লীগ আমলে দেখেছি।’

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মহানগর জাতীয় নাগরিক পার্টির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ একইভাবে সংসদকে উপেক্ষা করে সংবিধানকে দলীয়করণ করেছে। সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করেছে।
একই প্রবণতা বর্তমান সরকারি দলের মধ্যে দেখছি। এই প্রবণতা যদি চলমান থাকে জনগণ তাদের রায় বাস্তবায়নের জন্য আবারও রাজপথে জানান দেবে। সে জন্য এনসিপিকে প্রস্তুত থাকতে হবে। রাজপথ থেকে সংসদে গিয়ে আমরা রাজপথ ভুলে যাব না।’

বিরোধীদলীয় এই চিফ হুইপ আরো বলেন, ‘নারায়ণগঞ্জে চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে ও সাধারণ মানুষের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করতে হবে। নারায়ণগঞ্জে যেন কোনো ধরনের ফ্যাসিস্টদের পুনর্বাসন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। নারায়ণগঞ্জের ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।