স্পোর্টস ডেস্ক : চার বছর আগে প্লে-অফে পোল্যান্ডের কাছে হেরে কপাল পুড়েছিল সুইডেনের। সেই পুরনো ক্ষত মুছে ঘরের মাঠ স্টকহোমে পোল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল গ্রাহাম পটারের শিষ্যরা।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে ইউরোপ অঞ্চলের বাছাইয়ের প্লে অফের ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ গোলে জিতে বিশ্বমঞ্চে জায়গা করে নেয় সুইডিশরা।
ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই হয় জমজমাট। পিছিয়ে পড়ে দুইবার সমতায় ফেরে পোল্যান্ড। তৃতীয় দফায় আর পারে না তারা। ভিক্টর ইয়োকেরেসের শেষের গোলে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পায় সুইডেন।
খেলা শুরুর পর ইয়াসিন আইয়ারির চতুর ফ্লিক থেকে বল পেয়ে নিউক্যাসল উইঙ্গার অ্যান্টনি এলাঙ্গা চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন। তবে সেই লিড স্থায়ী ছিল মাত্র ১৩ মিনিট। পোল্যান্ডের নিকোলা জালেস্কির বাঁকানো শটে সমতা ফেরে।
প্রথমার্ধের শেষের দিকে বেঞ্জামিন নিগ্রেনের ফ্রি-কিক থেকে আসা বল হেড করে গোল করে সুইডেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেন্টার-ব্যাক গুস্তাফ লেগারবিয়েলকে।
দ্বিতীয়ার্ধে মরণপণ আক্রমণ চালায় পোল্যান্ড। সেই প্রচেষ্টায় কারোল সুইডারস্কির গোলে সমতা ফেরে ২-২। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ৮৮ মিনিটে মাহেন্দ্রক্ষণ আসে। বেসফোর্ট জেনেলির শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে ফাঁকা জালে বল জড়িয়ে দেন ভিক্টর ইয়োকেরেস। আর্সেনাল ফরোয়ার্ডের এই নাটকীয় গোলে নিশ্চিত হয় সুইডেনের বিশ্বকাপ যাত্রা।
এই জয়ের মাধ্যমে চার বছর আগে প্লে-অফ ফাইনালে পোল্যান্ডের কাছে হারের মধুর প্রতিশোধ নিল সুইডেন। একইসঙ্গে, এক আসরের অপেক্ষা শেষে তারা নিশ্চিত করল ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ। অন্যদিকে, দুই আসর পর বিশ্বমঞ্চে দেখা যাবে না রবের্ত লেভানদোভস্কির পোল্যান্ডকে।
আরেক প্লে অফ ফাইনালে ইউরোপের আরেক দেশ কসোভোকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে তুরস্ক।