বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০ শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। কোন দেশকে তিনি প্রথম গন্তব্য হিসেবে বেছে নেবেন, সেটিও চূড়ান্ত হয়নি।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন।

এ বিষয়ে তিনি স্পষ্ট করে জানান, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করতে এমন গুজব ছড়ানো থেকে বিরত থাকারও অনুরোধ করেন।

তিনি আরও বলেন, সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।