নিজস্ব প্রতিবেদক : রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। পর্যটন বিষয়ক শীর্ষস্থানীয় প্রকাশনা ‘দি বাংলাদেশ মনিটর’ আয়োজিত ২১তম আসরটির নাম দেওয়া হয়েছে “এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬”। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা।
বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য এম নাছের রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি গত ২১ বছর ধরে এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ মনিটরের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সরকার এভিয়েশন খাতের সংকট নিরসনে পদক্ষেপ নেবে।
অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম গত এক মাসে জেট ফুয়েলের দাম ১৪০ শতাংশ বৃদ্ধির চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তেলের দাম অস্বাভাবিক বাড়ায় বিমান ভাড়ার ওপর বড় প্রভাব পড়েছে। এভিয়েশন খাতে স্বস্তি ফেরাতে সরকারের কাছে দ্রুত জেট ফুয়েলের দাম কমানোর দাবি জানান তিনি।
এবারের মেলায় বাংলাদেশসহ নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম ও চীনের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় ১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি বুথ স্থাপন করা হয়েছে। যেখানে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট ও ট্যুর অপারেটররা তাদের সেবা প্রদর্শন করছে।
মেলায় দেশি-বিদেশি বিমান টিকিট, ট্যুর প্যাকেজ এবং হোটেল-রিসোর্ট বুকিংয়ের ওপর আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হচ্ছে। এছাড়া মাত্র ৫০ টাকার প্রবেশ টিকিটের ওপর থাকছে প্রতিদিনের র্যাফেল ড্র। পুরস্কার হিসেবে দর্শনার্থীরা পাচ্ছেন দেশ-বিদেশের রিটার্ন এয়ার টিকিট, তারকা হোটেলে বিনামূল্যে আবাসন এবং ডিনার ভাউচার।
মেলাটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এবারের আসরের পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, স্যাবর এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।