শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।

ইসলামাবাদে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর নেতৃত্বে আলোচনায় অংশ নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার ব্র্যাড কুপার।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালালে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। গুরুত্বপূর্ণ এ জলপথ খুলে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময়সীমা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

এই যুদ্ধবিরতির মধ্যস্থতায় ছিল পাকিস্তান। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে ইসলামাবাদে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল।

সূত্র : আল–জাজিরা ও ডন