আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক প্রভাব সংক্রান্ত সর্বশেষ তথ্য:
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি মূল্য বেড়ে যাওয়ায় গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি তীব্রভাবে বেড়েছে। সরকারি তথ্যে এ চিত্র উঠে এসেছে। প্যারিস থেকে এএফপি এ খবর জানিয়েছে।
মার্চে বার্ষিক ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৩ দশমিক ৩ শতাংশে, যা ফেব্রুয়ারির ২ দশমিক ৪ শতাংশের তুলনায় অনেক বেশি।
শুধু পেট্রলের দাম ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে বেড়েছে ২১ দশমিক ২ শতাংশ, যা ১৯৬৭ সালে সংশ্লিষ্ট সূচক প্রকাশ শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ বৃদ্ধি।
শেয়ারবাজারে উত্থান, তেলের বাজার স্থিতিশীল
মার্কিন-ইরান যুদ্ধবিরতি এবং সপ্তাহের শেষে ইসলামাবাদ আলোচনার বিষয়ে বিনিয়োগকারীদের আশাবাদী মনোভাবের কারণে শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। তেলের বাজারও কিছুটা স্থিতিশীল রয়েছে।
বিকেলের শেষদিকের লেনদেনে ইউরোপের সূচকগুলো প্রায় আধা শতাংশ বেড়েছে। ওয়াল স্ট্রিটেও ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, তবে তুলনামূলক কম।
ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, দুটোই ব্যারেলপ্রতি ১শ’ ডলারের নিচে অবস্থান করছে।
লেবাননে খাদ্যসংকট
জাতিসংঘ শুক্রবার সতর্ক করেছে, লেবাননে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ছে। ইসরাইলের অব্যাহত সামরিক হামলায় দেশটিতে পণ্যমূল্য বেড়ে গেছে এবং সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, লেবাননের সামগ্রিক খাদ্য ব্যবস্থা এই সংঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যেই চলতি সপ্তাহে দেশটিতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইল।
টোটালের শোধনাগার বন্ধ
ফরাসি জ্বালানি জায়ান্ট টোটাল এনার্জিস জানিয়েছে, যুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে সৌদি আরবের একটি বড় শোধনাগার তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি তেল ও গ্যাস স্থাপনায় ‘একাধিক হামলা’ হয়েছে। এর মধ্যে স্যাটর্প শোধনাগার অন্যতম। এটি টোটাল এনার্জিস ও সৌদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো যৌথভাবে পরিচালনা করে।
তবে উৎপাদনে কী ধরনের প্রভাব পড়েছে এবং হামলার ধরন কেমন সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইইউর উইন্ডফল ট্যাক্স বিবেচনা
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ইরান যুদ্ধের ফলে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব তারা বিবেচনা করছে।
ভোক্তাদের ওপর চাপ কমাতে এই পদক্ষেপ নিতে ইউরোপীয় কমিশনকে আহ্বান জানিয়েছেন স্পেন, অস্ট্রিয়া, জার্মানি, ইতালি ও পর্তুগালের অর্থমন্ত্রীগণ। গত সপ্তাহে প্রকাশিত এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।
আয়ারল্যান্ডে কৃষকদের সঙ্গে বৈঠক
শুক্রবার কৃষি ও পণ্য পরিবহন খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল আয়ারল্যান্ড সরকারের। জ্বালানি মূল্যের লাগামছাড়া ঊর্ধ্বগতিতে দেশটিতে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া হওয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকে এই বিক্ষোভ চলছে।
বিক্ষোভকারীরা আয়ারল্যান্ডের একমাত্র তেল শোধনাগারে আংশিক অবরোধ আরোপসহ একাধিক জ্বালানি ডিপোতে প্রবেশাধিকার সীমিত করে দিয়েছে। এতে জরুরি সেবা ব্যবস্থাও প্রভাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
‘স্থায়ী ক্ষতির’ সতর্কতা আইএমএফের
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যুদ্ধের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে আনবে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
সাময়িক যুদ্ধবিরতি সত্ত্বেও বিশ্ব অর্থনীতিতে সংঘাতের দীর্ঘমেয়াদি ‘ক্ষতিকর প্রভাব’ পড়বে বলে সতর্ক করেছেন তিনি।
জর্জিয়েভা আরও বলেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে আইএমএফ সর্বোচ্চ ৫ হাজার কোটি ডলার দিতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, যুদ্ধের ফলে পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় অন্তত ৪ কোটি ৫০ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, ‘এখন সর্বোত্তম পরিস্থিতি তৈরির সুযোগ থাকলেও তা যুদ্ধের আগের মত ভালো হবে না।’