আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদে দীর্ঘ বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তান ছাড়ার পর এবার অবস্থান স্পষ্ট করেছে ইরান। তেহরান জানিয়ে দিয়েছে, সমঝোতার জন্য তাদের ‘কোনো তাড়া নেই’; আলোচনার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, আলোচনায় ইরান যুক্তিসঙ্গত প্রস্তাব ও উদ্যোগ পেশ করেছে।
সূত্রের ভাষায়—“এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।” যুক্তরাষ্ট্র যদি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে, তবেই অগ্রগতি সম্ভব হবে।
সূত্রটি আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধে ভুল হিসাব করেছে, আলোচনাতেও একই ভুল করছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র একটি ‘যৌক্তিক চুক্তি’ মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।
সূত্রের ভাষায়, “ইরানের কোনো তাড়া নেই।”
এদিকে, পরবর্তী দফার আলোচনার জন্য এখনো কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি।