শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

আমরা আবারও আন্দোলনের পথে প্রস্তুত : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি।” তাঁর ভাষায়, এটি কোনো দলের বিষয় নয়; বরং বাংলাদেশ ও জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আমরা আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে না পারলেও সর্বাত্মক চেষ্টা করেছি। এই সরকার জুলাই যোদ্ধাদের জন্য পূর্বের সরকারের চেয়ে বেশি কী করেছে, তা দেখতে চাই। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের অনীহা দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বা জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার এবং জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।”

নাহিদ ইসলাম বলেন, আজকের সভায় উপস্থিত সবার মধ্যেই সমান স্পিরিট দেখা গেছে। “আমরা আবারও ঐক্যবদ্ধ আছি এবং রাজপথের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, আপনারাও প্রস্তুত আছেন।”

তিনি বলেন, রাজপথের আন্দোলনে অনেকেই সন্তান, হাত বা পা হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, বরং আমরা—যারা আজ এই মঞ্চে বসে আছি—সামনের সারিতে থাকব। “গুলি এলে আগে আমাদের বুকে লাগবে। আপনারা শুধু সহযোগিতা করবেন ও দোয়া করবেন। ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ ও সংস্কার প্রতিষ্ঠিত হবেই।”

নাহিদ ইসলাম আরও বলেন, “শুধু বিএনপি নয়, অন্য যে শক্তিই হোক না কেন—চাই সে কোনো পরাশক্তি বা বৈদেশিক শক্তি হোক—আমরা তাদের পরাজিত করব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।