শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৈশাখে শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ক্রিস্টেনসন।

তিনি বলেন, “আপনাদের শুভ নববর্ষ। ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে।”

যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে স্বাভাবিকভাবে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এ উপলক্ষে তার নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সূত্র আরও জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈশাখি শোভাযাত্রায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশ নিতে মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।