কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক উল্টে চাপা পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষ্ণু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের ওপর থাকা ১৩ জনের মধ্যে সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ছয়জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধারে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন জানান, ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে হাসানপুর এলাকায় উল্টে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও আহতরা সবাই ট্রাকের ওপরে ছিলেন।