বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বৈশাখী শোভাযাত্রা মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এসে শেষ হয়। কয়েক হাজার মানুষের অংশগ্রহণে ঐতিহ্যবাহী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রতিবারের মতো এবারও শোভাযাত্রায় দেশীয় ও আন্তর্জাতিক ইস্যুর প্রতিফলন দেখা গেছে। এর মধ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড বিশেষভাবে নজর কাড়ে।

চারুকলা থেকে টিএসসি পর্যন্ত শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড ও প্রতীকী শিল্পকর্ম। এসব প্ল্যাকার্ডে উঠে আসে পরিবেশ, আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক নানা ইস্যু। ‘বাঁচাও সুন্দরবন’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’, ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’—এমন নানা স্লোগান শোভাযাত্রায় দেখা গেছে।

শোভাযাত্রার পুরোটা সময় জুড়ে ছিল ঢোল, বাঁশি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর। সঙ্গীত ও রঙের মেলবন্ধনে ঐতিহ্যবাহী এই আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদে সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে। চৈত্র সংক্রান্তির দিন বিকেল থেকে রাত পর্যন্ত বকুলতলায় লোকসংগীত ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।