নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু করতে যাচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে।
মামলায় গ্রেপ্তার চারজনকে—নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বিকে—কারাগার থেকে আদালতে হাজির করা হবে।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
গত ৮ এপ্রিল নির্ধারিত শুনানি প্রসিকিউশনের প্রয়োজনীয় নথি উপস্থাপন না করায় পিছিয়ে যায়। ফলে আজকের দিন ধার্য করা হয় এবং প্রথমে প্রসিকিউশন তাদের বক্তব্য উপস্থাপন করবে।
চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদালত তা আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নৃশংসতা চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতি এবং উসকানিতে নিরীহ আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ নয়জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।