বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অনেকগুলো মামলা তদন্তাধীন রয়েছে—গুম, ক্রসফায়ার এবং শাপলা চত্বরের ঘটনা। এসব ঘটনায় সাবেক আইজিপি মামুনের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। তবে শাপলা চত্বরের ঘটনায় যে সাক্ষ্যপ্রমাণ ইতোমধ্যে হাতে এসেছে, তাতে তাকে মামলায় সম্পৃক্ত করা হবে বলে আশা করছি। তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ পাওয়া যাচ্ছে।’

চিফ প্রসিকিউটর আশা প্রকাশ করেন, আগামী ১৫ দিনের মধ্যে শাপলা চত্বর মামলার তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়েছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ওই মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয় এবং তিনি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।