রবিবার, ২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৮ হিজরি

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি তুরস্কের উদ্দেশে রওনা দেন। আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য এই ফোরামটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান-এর পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে।

ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
সম্মেলনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া, পাকিস্তান, গাম্বিয়াসহ ফোরামে অংশ নিতে আসা কয়েকটি দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও খলিলুর রহমানের সাক্ষাতের সুযোগ হওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত মার্চের মাঝামাঝিতে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। সেসময় তিনি ভোট চাইতে তুরস্ক সফরে যান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রচারের সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।’