বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ির গৃহকর্মী শিশু তানিয়ার উপর নির্যাতনকারী আটক গৃহকর্তা রাসেল ও গৃহকর্ত্রী ছোটনকে আসামী করে মামলা

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি : অবশেষে খাগড়াছড়ির গৃহকর্মী শিশু তানিয়ার উপর নির্যাতনকারী গৃহকর্তা সাইফুদ্দিন রাসেল ও গৃহকর্ত্রী মোর্শেদা আক্তার ছোটনকে আসামী করে ঢাকার কলাবাগান থানায় মামলা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কাফরুল থানা পুলিশ তাদের আটক করে বুধবার সকালে কলাবাগান থানায় হস্তান্তর করে। তবে এখনো আটক হয়নি তানিয়ার উপর নির্যাতনকারী গৃহকর্তা রাসেল ও গৃহকর্ত্রী ছোটনের সন্তানরা।
নির্যাতিত তানিয়ার বাবা দিনমজুর বেলাল হোসেন কলাবাগান থানায় দায়েরকৃত মামলায় অভিযোগ করেন,মা হারা মেয়েকে ভালো ভবিষ্যতের আশায় প্রতিবেশি তোফাজ্জল হোসেন মাধ্যমে তানিয়াকে পাঠানো হয়। যার কাছে পাঠানো হয় তার ঠিকানাটিও জানতেন না তিনি। প্রতিবেশী তোফাজ্জলের মাধ্যমে প্রথমে ফেনী শহরের ট্রাংক রোড বড় মসজিদ-সংলগ্ন একটি বাসায় তানিয়াকে দিয়ে আসেন বেলাল। পরে তাকে পাঠানো হয় ঢাকায়। তানিয়া ঠিকানা বলতে না পারলেও জানিয়েছে, তাকে মিরপুরের একটি বাড়িতে রাখা হয়। ওই বাড়ির গৃহকর্তার নাম রাসেল, গৃহকর্ত্রীর নাম ছোটন এটাই তিনি জানতেন।