নিজস্ব প্রতিবেদক : এসএসসি পরীক্ষা ঘিরে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির জটলায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এতে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে পরীক্ষার্থীদের। একই সঙ্গে কেন্দ্রের সামনের সড়কে অভিভাবকদের ভিড় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আশপাশের সড়কে দুই পাশে অভিভাবকদের জটলা তৈরি হয়েছে। অনেকেই কেন্দ্রের গেটের সামনে অবস্থান নেওয়ায় শিক্ষার্থী ও যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
এছাড়া কেন্দ্রসংলগ্ন সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে বিপুল সংখ্যক অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি। ফলে সড়কের বড় একটি অংশ দখল হয়ে গিয়ে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। এতে শুধু এই কেন্দ্রের পরীক্ষার্থীরাই নয়, আশপাশের অন্যান্য কেন্দ্রগামী শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের পক্ষ থেকে মাইকিং করে বারবার যানবাহন না দাঁড় করাতে এবং অভিভাবকদের দ্রুত সড়ক ত্যাগের অনুরোধ জানানো হচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রে সেই নির্দেশনা মানা হচ্ছে না। ফলে যানজট দীর্ঘায়িত হয়ে সড়কের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, সকাল ১০টায় শুরু হওয়া এসএসসি পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।