নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় গাজীপুরের সাবেক অফিসার ইনচার্জ বা ওসি মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সম্পদের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি ওই সম্পদের নোটিশ ইস্যু করা হয়। দুদক উপপরিচালক মো. সাইফুজ্জামান অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, দেলোয়ার হোসেন ও তার নির্ভরশীলদের নামে স্বনামে-বেনামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। সে কারণে নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করতে বলা হয়েছে নোটিশে।
আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(২) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশ উল্লেখ করা হয়েছে।
গাজীপুরের সাবেক অফিসার ইনচার্জ বা ওসি মো. দেলোয়ার হোসেন ডিবি কার্যালয় থেকে থেকে অবসরে যান বলেও জানা গেছে।