মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

ইউরোপীয় টি-টোয়েন্টি লিগে দল কিনলেন ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠের সেই পরিচিত বিধ্বংসী মেজাজ এবার দেখা যাবে মালিকানায়। ইউরোপে অনুষ্ঠিতব্য আসন্ন ‘ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ’ (ইটিপিএল)-এর গ্লাসগো ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সহ-স্বত্বাধিকারী হিসেবে নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল।

ভারতীয় বিনোদন সংস্থা ‘মুগাফি গ্রুপ’-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে গেইল এই দলটি কিনেছেন, যার নাম রাখা হয়েছে ‘গ্লাসগো মুগাফিয়ান্স’। মূলত রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন একটি বিনিয়োগ গোষ্ঠীর এই ফ্র্যাঞ্চাইজিটি কেনার কথা ছিল।
তবে বিবিসি স্পোর্টস জানিয়েছে, তারা এখন ডাবলিন ভিত্তিক দলের দিকে মন দিয়েছেন।

৪৬ বছর বয়সী গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ানডে এবং ৭৯টি টি-টোয়েন্টি খেলেছেন।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই মুখ নিজের নতুন ভূমিকা নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘গ্লাসগো মুগাফিয়ান্সের সহ-স্বত্বাধিকারী হওয়া আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়।
ইউরোপ ক্রিকেটের জন্য এক নতুন চারণভূমি। ইটিপিএল-এর মাধ্যমে স্থানীয় প্রতিভারা উঠে আসার এবং এই অঞ্চলে ক্রিকেট আরও শক্তিশালী হওয়ার বড় সম্ভাবনা রয়েছে।’

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডের সহযোগিতায় এই লিগটি আয়োজিত হচ্ছে। এতে আমস্টারডাম, রটারডাম, বেলফাস্ট, ডাবলিন, গ্লাসগো এবং এডিনবরা; এই ছয়টি শহরের দল অংশ নেবে। বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এই লিগের অন্যতম অংশীদার হিসেবে রয়েছেন।

বিবিসি স্পোর্টস আগেই জানিয়েছে, ১০ বছরের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি প্রায় ১১.১ মিলিয়ন পাউন্ডে (১৫ মিলিয়ন ডলার) বিক্রি হয়েছে। আগামী ২৬ আগস্ট শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। গেইলের মতো তারকার যুক্ত হওয়া এই টুর্নামেন্টের জৌলুস ও জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।