শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

সরকার দুই মাসের মধ্যে প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করছে: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের বিএনপির সরকার মাত্র দুই মাস সময় পার করলো। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কয়টা ওয়াদা দিয়েছিলেন, প্রত্যেকটা ওয়াদা বাস্তবায়নের প্রদক্ষেপ নিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুদিন ব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই দুই মাসে সরকারের জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন যে, ইমাম-মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, খাল খননসহ প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সাহিত্য একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কবিতা মানুষের মানবিকতা ও মূল্যবোধ জাগ্রত করে।

তিনি বলেন, আমি সবার সহযোগিতায় টাঙ্গাইলকে গড়ে তুলতে চাই। টাঙ্গাইলের বেকারত্ব দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। বেকার যুবকদের যাতে কর্মসংস্থানের কোনো সমস্যা না হয় সে বিষয়ে আমার জায়গা থেকে কাজ করতে সবার সহযোগিতা চাই।

কবিতা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল। অনুষ্ঠানে লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে পুরো আয়োজন। দুই দিনব্যাপী এই উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হবে।