সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশের ৩৩ বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক অংশ নিচ্ছেন বাউবির প্রশিক্ষণে

গাজীপুর প্রতিনিধি : দেশের সরকারি ও বেসরকারি ৩৩টি বিশ্ববিদ্যালয়ের ৫৯ জন শিক্ষক অংশ নিচ্ছেন চার মাসব্যাপী একটি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচিতে, যা পরিচালনা করছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রসার এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে “Professional Development Training for University Faculty” শীর্ষক চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি বলেন, আবাসিক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক, পারস্পরিক বোঝাপড়া ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠে। বর্তমান একাডেমিক পরিবেশে শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষকের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দূর করতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, গবেষণামুখী মনোভাব এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের কোনো বিকল্প নেই। এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, বাউবি দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা অর্জন এবং উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ধারাবাহিক প্রশিক্ষণের বিকল্প নেই। চার মাসব্যাপী এ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, বিশ্বব্যাংকের সিনিয়র কনসালটেন্ট ড. মোঃ মাহমুদুল হক এবং কোর্স পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান।
স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী দুইজন শিক্ষক তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইনসহ ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
চার মাসব্যাপী এ প্রশিক্ষণের তৃতীয় ও চতুর্থ ব্যাচে দেশের ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৫৯ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৩৫ জন সরকারি এবং ২৪ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
প্রশিক্ষণে আধুনিক পাঠদান কৌশল, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক নেতৃত্ব উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।