শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি খেলা বন্ধ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের প্রায় পুরোটা জুড়েই আছে বৃষ্টি। প্রথম ম্যাচে টাইগাররা জিতলেও দ্বিতীয়টি বৃষ্টির কারণে পণ্ড হয়। আজ তৃতীয় ম্যাচ মাঠে গড়ালেও মুষলধারে বর্ষণের কারণে বন্ধ আছে খেলা। লিটন দাসের দল টসে হেরে ব্যাট করতে নামার পর ৬.৪ ওভারের খেলা হতেই বৃষ্টি শুরু হয়।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো করতে পারেননি সাইফ হাসান ও তানজিদ তামিম। আজ সাইফ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। দুইটি চার মেরে দারুণ কিছুর আভাসও দিয়েছিলেন। তবে নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি।

চতুর্থ ওভারের প্রথম বলেই আউট হন সাইফ। জেইডন লেনক্সের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি ১০ বলে করেন ১৬ রান। এদিকে সাইফ ফেরার পরের ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ।

এবার ডিন ফক্সক্রফটের বলে বিদায় নেন আরেক ওপেনার তামিম। তিনি ১০ বলে করেন ৬ রান। এরপরের বলেই সাজঘরের পথ ধরেন পারভেজ ইমন। ১ বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় তাকে। এরপর ক্রিজে ছিলেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটন ছিলেন মারমুখী মেজাজে।

১৩ বলে ৩ চার আর ১ ছয়ে ২৫ রান করেছেন তিনি। তবে বাংলাদেশের দলীয় রান যখন ৫০ তখন বৃষ্টি শুরু হলে বন্ধ হয় খেলা।