মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী মিরপুরে বিপ্লব শেখ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

এর আগে একই ঘটনায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. হাবিব উল্ল্যাহ।

আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা আন্দোলন দমনের উদ্দেশ্যে গুলি চালায়। এতে বিপ্লব শেখ নিহত হন। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ এলাকায় ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বিপ্লব শেখ গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।