আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় গত শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধে একটি আসন্ন চুক্তির আশাবাদ তৈরি হওয়ায় দিনের শেষভাগে দাম কিছুটা কমে স্থিতিশীল হয়।-সূত্র: আলজাজিরা।
শুক্রবার লেনদেন চলাকালে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৩ শতাংশ বাড়লেও দিন শেষে প্রতি ব্যারেলে ১.২৩ ডলার বা ১.২৩ শতাংশ বেড়ে ১০১.২৯ ডলারে স্থির হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ০.৬১ ডলার বা ০.৬৪ শতাংশ বেড়ে ৯৫.৪২ ডলারে পৌঁছায়।
বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘অ্যাগেইন ক্যাপিটাল’-এর অংশীদার জন কিলডাফ রয়টার্সকে জানান, বাজারে অনেক অনিশ্চয়তা থাকলেও একটি চুক্তির বিষয়ে জোরালো বিশ্বাস রয়েছে।
তিনি বলেন, ‘আমরা হয় আলোচনার মাধ্যমে বড় কোনো সাফল্যের দ্বারপ্রান্তে আছি, অথবা নতুন করে লড়াই শুরুর দ্বারপ্রান্তে। আমরা প্রায়ই এমন পরিস্থিতির সম্মুখীন হই।’
কিলডাফ আরো বলেন, বাজারে এমন একটি ধারণা কাজ করছে যে দ্রুতই একটি সমঝোতা হবে। এই চুক্তির পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত মতৈক্যে পৌঁছাতে ৩০ দিন সময় পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।