সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

পাকিস্তান ২৩২ রানে অলআউট, ৪৬ রানের লিড নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চা-বিরতির পর বেশিক্ষণ টিকল না পাকিস্তানের ইনিংস। তবে এর মধ‍্যে তাইজুল ইসলামের এক ওভারে তিন ছক্কায় ব‍্যবধান কিছুটা কমিয়ে ফেললেন সাজিদ খান।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ (রোববার) দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমেই উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাসকিন আহমেদ আব্দুল্লাহ ফজলকে ফেরান। মিরপুর টেস্টে অভিষেক ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ২৩ বছর বয়সী ওপেনারের ক্যাচের বামে ঝাঁপিয়ে তালুবন্দী করেছেন লিটন দাস। ব্যক্তিগত ৯ রানে ফজল ফিরলেন। এক ওভার পর আবারও আক্রমণে ফিরে তাসকিন ফেরালেন আরেক ওপেনার আজান আওয়াইসকে।

তাসকিনের বল কিছুটা দেরিতে সুইং করার পর শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন পাকিস্তানি ওপেনার। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান ১৩ রান করে বিদায়। এরপর দেখেশুনেই খেলেছিলেন বাবর ও পাক অধিনায়ক শান মাসুদ। তবে সেই জুটি ৩৮ রানের বেশি লম্বা হতে দেননি মিরাজ। তাকে কাভার অঞ্চল দিয়ে শট খেলতে গিয়ে শর্টে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দেন মাসুদ (২১)। ক্রিজে আসা নতুন ব্যাটার সৌদি শাকিলকেও (৮) থিতু হতে দিলেন না মিরাজ। বাঁ-হাতি এই ব্যাটার রান তুলতে কিছুটা সংগ্রাম করছিলেন, চাপ কাটাতে সুইপ শট খেলার চেষ্টা চালান তিনি, কিন্তু বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। যা লিটন অনায়াসে হাতের মুঠোয় পুরেন।

সেখান থেকে পাকিস্তানকে টেনে তোলার চেষ্টায় নামেন বাবর-সালমান আগা। তাদের ৬৩ রানের জুটিটাই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ। এর মধ্যে বাবর ব্যাট করেছেন বেশ সাবলীলভাবে। তবে নাহিদ রানার ফুল লেন্থের একটি বলে খেই হারিয়ে শট খেলতে গিয়েও খেললেন না সাবেক এই অধিনায়ক। ফলে মুশফিকুর রহিমকে ক্যাচ শিখিয়ে ৬৮ রান করে ফিরলেন বাবর। এরপর পাকিস্তান নিয়মিত বিরতিতে সালমান (২১), মোহাম্মদ রিজওয়ান (১৩) এবং হাসান আলিদের (১৮) উইকেট হারায়। শেষদিকে সাজিদ খানই কেবল তাদের ইনিংস কিছুটা লম্বা করতে পারেন। ২৮ বলে চার ছক্কা ও দুই চারে ৩৮ রান করেন সাজিদ। ৫৭.৪ ওভারে ২৩২ রানে থামে পাকিস্তান। প্রথম ইনিংসে ২৭৮ রান করা বাংলাদেশ নেয় ৪৬ রানের লিড।

তাইজুল-রানার ৩ উইকেট ছাড়া বাংলাদেশের হয়ে তাসকিন ও মিরাজ ২টি করে উইকেট শিকার করেছেন। তিনটি করে উইকেট নিয়েছেন নাহিদ ও তাইজুল। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮

পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ২১/০) ৫৭.৪ ওভারে ২৩২ (আজান ১৩, ফাজাল ৯, মাসুদ ২১, বাবর ৬৮, শাকিল ৮, সালমান ২১, রিজওয়ান ১৩, হাসান ১৮, সাজিদ ৩৮, শাহজাদ ১০, আব্বাস ০*; তাসকিন ১১-১-৩৭-২, শরিফুল ১১-৩-৩৯-০, মিরাজ ৯-৩-২১-২, নাহিদ ১২.৪-১-৬০-৩, তাইজুল ১৪-৪-৬৭-৩)