সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে সেঞ্চুরি করার মধ্য দিয়ে রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আজ সেঞ্চুরি করার মধ্য দিয়ে দেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

মুশফিকের সেঞ্চুরিতে ভর করে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। সফরকারী পাকিস্তানকে জিততে হলে ৪৩৭ রান করতে হবে। টেস্টের চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতা মোটেও সহজ ব্যাপার নয়।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২৭৮ রান করে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।

জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতি আর তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।

বাংলাদেশ দলের হয়ে তিনটি করে উইকেট নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড নিয়ে গতকাল রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০ রান।

আজ সোমবার ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৮০ রান। আজ দিনের শুরুতে ব্যাট করতে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২৩৩ বল মোকাবেলা করে ১২টি চার আর এক ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১৩৭ রান করেন মুশফিকুর রহিম।

এই সেঞ্চুরি করার মধ্য দিয়ে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।