শুক্রবার, ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ জিলহজ, ১৪৪৭ হিজরি

সব রেকর্ড ভেঙে রোনালদোসহ ‘৭ বুড়ো’ খেলবেন বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক : ‘বয়স তো কেবলই একটি সংখ্যা’—পুরোনো প্রবাদটিকেই যেন আরো একবার সত্য প্রমাণ করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে দেখা যাবে একঝাঁক বুড়ো হাড়ের ভেলকি।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের।

মাঠের লড়াইয়ে গতির ঝড় তুলতে যেখানে তরুণদের প্রাধান্য, সেখানে অভিজ্ঞতার ডালি সাজিয়ে এবারের বিশ্বমঞ্চ কাঁপাতে আসছেন ৪০ বা তার বেশি বয়সী সাতজন ‘চিরতরুণ’ ফুটবলার। মজার বিষয়, বিশ্বকাপ শুরুর পর সব আসর মিলিয়ে ৪০ বা তার বেশি বয়সী খেলোয়াড়ের সংখ্যাই ছিল মাত্র ৮।

এই তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
৪১ বছর বয়সে এসে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য এক রেকর্ড গড়তে যাচ্ছেন সিআর-সেভেন। তবে তিনি নন, এবারের আসরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ফুটবলার হতে যাচ্ছেন স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন। ৪৩ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষকই হতে যাচ্ছেন ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা স্কটল্যান্ডের পোস্ট সামলানোর মূল ভরসা তিনিই।

এরপরই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মহাতারকার বয়স ৪১ হলেও ধার কমেনি এতটুকু। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে বুটজোড়া পরা নিশ্চিত করেছেন এই ফরোয়ার্ড।

এদিকে লুকা মদরিচের বয়স ৪০ হলেও ক্রোয়াট মাঝমাঠের আসল ইঞ্জিন এখনো তিনিই। আগের দুই বিশ্বকাপে দলকে ফাইনালে ও সেমিফাইনালে তোলা এই জাদুকর আরো একবার শেষ সুযোগ লুফে নিতে মরিয়া।

আধুনিক ফুটবলের ‘সুইপার-কিপার’ খ্যাত জার্মানির ম্যানুয়েল নয়্যার। এই ৪০ বছর বয়সী গোলরক্ষক আরো একটি বিশ্বকাপ অভিযানে দলের জাল অক্ষত রাখার দায়িত্ব পেয়েছেন।

বসনিয়া ও হার্জেগোভিনার ৪০ বছর বয়সী তারকা এডিন জেকো দলের আক্রমণভাগের প্রধান সেনাপতি। নিজের চওড়া কাঁধে ভর করে দেশের আক্রমণভাগকে নেতৃত্ব দেবেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।

বিশ্বকাপ এলেই যেন অতিমানব হয়ে ওঠেন মেক্সিকোর ৪০ বছর বয়সী গোলরক্ষক গুইলারমো ওচোয়া। স্বাগতিক দেশ হিসেবে নিজের ষষ্ঠ বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়ে ইতিহাস ছুঁতে যাচ্ছেন ওচোয়া।

নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের অন্যতম বড় ভরসা ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোঝিনহা।