বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ জিলহজ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদির মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় দক্ষতা ও সুশৃঙ্খলতার জন্য ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।

বুধবার (১০ জুন) সৌদি আরবের রিয়াদে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সৌদির মন্ত্রী এই প্রশংসা করেন।
সেই সঙ্গে তিনি আগামীতে সার্বিক হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশের সহায়তাও কামনা করেন।

এ সময় সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী বাংলাদেশের ধর্মমন্ত্রীকে আন্তরিক নেতৃত্বের মাধ্যমে সেবা দেওয়ার জন্য অভিনন্দন জানান। তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈঠকে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার উন্নয়নে সৌদি সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।

অপরদিকে, ধর্মমন্ত্রী কায়কোবাদ সামগ্রিক হজ ব্যবস্থাপনার উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এবারের হজ ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্য-প্রযুক্তির ব্যবহার, মাশায়েরে হাজী সেবার মাধ্যমে হজ পালনের সহায়ক পরিবেশ তৈরির জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে ধন্যবাদ জানান। আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সৌদি সরকারের পাশে থাকবে বলে আশ্বাস দেন ধর্মমন্ত্রী।

বৈঠকে সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) কামরুল ইসলামসহ উভয় মন্ত্রণালয়ের কর্মকতারা উপস্থিত ছিলেন।