বুধবার, ১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুলাই অভ্যুত্থানের স্মরণে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে পহেলা জুলাই প্রথম প্রহরে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করবে ছাত্রদল।

মঙ্গলবার (৩০ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

এর প্রথম ধাপে আগামী ১ জুলাই প্রথম প্রহরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল।
৩০ জুন রাত ১১টা থেকে অনুষ্ঠানটি শুরু হবে।