মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ি জেলা প্রশাসকের ছবি ও নাম ব্যবহার করে ত্রাণের নামে তথ্য সংগ্রহের চেষ্টা

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে চলমান বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একটি অনলাইন প্রতারক চক্র। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত-এর ছবি ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ত্রাণ সহায়তার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নাম, মোবাইল নম্বর এবং সম্ভাব্য উপকারভোগীদের তালিকা সংগ্রহের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সম্প্রতি কয়েকজন ব্যক্তি হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসকের ছবি সংযুক্ত করে নিজেদের সরকারি প্রতিনিধি পরিচয় দিয়ে ত্রাণ বিতরণের জন্য তথ্য চেয়ে বার্তা পাঠাচ্ছে। বিষয়টি নজরে আসার পর সাধারণ মানুষকে এসব বার্তা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুর্যোগের সময় মানুষের মানবিক আবেগকে কাজে লাগিয়ে প্রতারকরা বিভিন্ন কৌশলে তথ্য সংগ্রহ কিংবা প্রতারণার চেষ্টা করে থাকে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে পাঠানো বার্তা যাচাই না করে কোনো ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর বা উপকারভোগীদের তালিকা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সচেতন মহলের আশঙ্কা, ভবিষ্যতে এসব প্রতারক স্থানীয় সংসদ সদস্য, সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার, বিজিবি সেক্টর কমান্ডার, পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট খুলে প্রতারণার অপচেষ্টা চালাতে পারে।
সাইবার নিরাপত্তা-সচেতন ব্যক্তিরা বলছেন, সরকারি কোনো ত্রাণ কার্যক্রম বা সহায়তার বিষয়ে তথ্য জানতে হলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট বা সরাসরি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া উচিত। অপরিচিত নম্বর থেকে আসা বার্তা, সন্দেহজনক লিংক কিংবা পরিচয় যাচাই ছাড়া কোনো তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে।