বুধবার, ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৬ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে পৃথক পৃথকভাবে কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। প্রস্তাবগুলো গৃহীত হয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে।

কমিটিগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত।

এরমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৯ আসনের বিএনপি সদস্য মো. আবুল কালাম।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৭-এর বিএনপি সদস্য জহরত আদিব চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন যথাক্রমে রাজশাহী-৩ আসনের বিএনপি সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বরিশাল-৩ আসনের বিএনপি দলীয় সদস্য জয়নুল আবেদীন।