শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

জুলাই হত্যা মামলায় সাবেক সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর কাফরুল থানার মাহবুব হাসান মামুন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এসব তথ্য নিশ্চিত করেন।

গত ৯ জুলাই এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম।

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে আন্দোলনে অংশ নেন মাহবুব হাসান (৩৪)। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করা হয়েছে।